জয়পুরহাট সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

Published on: 17 Apr 2026, 02:21 PM
জয়পুরহাট সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

মিঠু দে,
বিশেষ প্রতিনিধি


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টাকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে জয়পুরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলা শহরেও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনা বিবেচনায় একাধিক প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জয়পুরহাট ব্যাটালিয়নের আওতাধীন পুরো সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পৃথক পৃথক টহল দল নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি, সব ধরনের যানবাহন, মোটরসাইকেল ও একাকী চলাচলকারীদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে।

এছাড়া সীমান্তের পাশাপাশি জয়পুরহাট জেলা শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়টি মাথায় রেখে পুলিশ স্টেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বিজিবি সদস্যদের নিয়ে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দুটি পিকআপ ভ্যানযোগে এই টহল দল নিয়মিতভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাচ্ছে।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ঢাকায় সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা সীমান্ত ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য চেকপোস্ট বৃদ্ধি ও জেলা শহরে টহল কার্যক্রম চালু রাখা হয়েছে।