কক্সবাজারে বাড়ির পাশে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

Published on: 15 Apr 2026, 02:26 PM
কক্সবাজারে বাড়ির পাশে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু

ক্রাইম এন্ড জাস্টিস ডেক্স:-

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ নোমান (৫) এবং বেলাল উদ্দিনের মেয়ে জন্নাতুল ফেরদৌস (৫)। তারা দুজনই সমবয়সী ও প্রতিবেশী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ওরফে সোনা মিয়া জানান, কিছুদিন আগে মোহাম্মদ নোমানের বাড়ির উঠানের এক পাশ থেকে ঘরোয়া প্রয়োজনে গভীরভাবে মাটি কাটা হয়। পরবর্তীতে ওই গর্তে নিচ থেকে পানি উঠে আসে এবং বৃষ্টির পানিও জমে যায়। এতে গর্তটি ধীরে ধীরে একটি ছোট কূপে পরিণত হয়, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ নোমান ও জন্নাতুল ফেরদৌসসহ আশপাশের কয়েকজন শিশু ওই গর্তের পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত নোমান ও জন্নাতুল পানিভর্তি গর্তে পড়ে গিয়ে তলিয়ে যায়। দূর থেকে ঘটনাটি দেখতে পান জন্নাতুল ফেরদৌসের মা। তিনি দ্রুত চিৎকার দিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করেন।

পরে স্বজনরা তাদের দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শিশুর মরদেহ বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে।