ইলিয়াস হোসেনের দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টও সরিয়ে নিলো মেটা
বিশেষ প্রতিনিধি,
ক্রাইম ডেক্স
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুকের দ্বিতীয় অ্যাকাউন্টটিও সরিয়ে নিয়েছে মেটা। শনিবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ওই ফেসবুক অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে ওই দুই গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শুক্রবার রাত থেকেই ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, মেটা তার ওই আইডি সরিয়ে দিয়েছে। শনিবার তিনি দ্বিতীয় একটি ফেসবুক আইডি থেকে আবার সক্রিয় হন। তবে শনিবার রাত থেকে সেই অ্যাকাউন্টটিও আর দৃশ্যমান নয়।
এর আগে মেটা ইলিয়াস হোসেনের প্রথম ফেসবুক আইডি সরিয়ে দেয়। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। Centraist Nation TV–এর ফেসবুক পোস্টে জানানো হয়, মেটা ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ডাউন করে দিয়েছে, যেখানে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ২০ লাখ।
অন্য একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ইলিয়াস হোসেনের প্রায় ২২ লাখ অনুসারীসমৃদ্ধ ফেসবুক পেজটিও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।