হাঁস চুরির অভিযোগে চুল কেটে নাচানো হলো দুই তরুণকে
বিশেষ প্রতিনিধি,
মাথার চুল কেটে, গলায় সাউন্ডবক্স ঝুলিয়ে নাচতে বাধ্য করার ভিডিও ভাইরাল
হাঁস চুরির অভিযোগে দুই তরুণকে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নানা বয়সী মানুষের ভিড়ের মধ্যে দুই তরুণকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাঁদের একজনের মাথার একটি অংশ ন্যাড়া করে দেওয়া হয়েছে, অন্যজনের চুলও কেটে ফেলা হয়েছে। একজনের হাতে একটি হাঁস ধরিয়ে দেওয়া হয় এবং অন্যজনের গলায় ঝুলিয়ে দেওয়া হয় একটি সাউন্ডবক্স। সাউন্ডবক্সে বাজতে থাকা গানের তালে তালে দুজনকে নাচতে বাধ্য করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে। হাঁস চুরির অভিযোগে এলাকাবাসী ওই দুই তরুণকে আটক করে প্রথমে মারধর করে। একপর্যায়ে প্রকাশ্যে তাঁদের চুল কেটে দিয়ে নাচতে বাধ্য করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই দুই তরুণ একটি গৃহস্থের দুটি হাঁস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাঁদের ধরে ফেলে এবং পরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হারামিয়া ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল ক্রাইম এন্ড জাস্টিসকে বলেন, ‘আটক করা দুই তরুণ বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁস চুরি করে আসছিল। বিষয়টি জানতে পেরে আমি তাঁদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করি।’ মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এসব ঘটনা ঘটেছে।’
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ওই দুই তরুণকে একাধিক চুরির মামলায় আমরা আগে থেকেই খুঁজছিলাম। শনিবার জনতার হাতে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের জানানো হয়নি। ভাইরাল ভিডিওটিও এখনো আমাদের নজরে আসেনি।’