নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস এবং শরীয়তপুরের ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদীতে আরেক হিন্দু ব্যবসায়ী হত্যার শিকার হয়েছে।
সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুর বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মনি চক্রবর্তী। তিনি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, বয়স আনুমানিক ৪০ বছর মনি চক্রবর্তী দীর্ঘদিন ধরে চরসিন্ধুর বাজারে একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান ওসি শাহেদ আল মামুন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদীর মনি চক্রবর্তী হত্যার মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে তিনজন হিন্দু ব্যবসায়ী ও শ্রমিক হত্যার ঘটনা ঘটল। এর আগে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’-এর শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২৮ বছর বয়সী দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে এবং তিনি দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।
এর ১৩ দিনের মাথায়, গত ৩১ ডিসেম্বর শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
দিপু ও খোকনকে পুড়িয়ে হত্যার ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই আলোচনার মধ্যেই নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
নরসিংদীতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে হত্যা
By Rasel Das |
০৬ জানুয়ারি, ২০২৬ |
111 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive