বিশেষ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউজ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার না করে ঘটনাস্থল ত্যাগ করেন—এমন অভিযোগকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা এলাকার শাহ আলুমের ছেলে রিফাত এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ।
স্থানীয় সূত্র জানায়, সার্কিট হাউজ মোড়ে জেলা ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করছিল। এ সময় মোটরসাইকেলযোগে শহরের দিকে যাওয়ার পথে রিফাত ও সোহাগকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। তবে তারা থামার পরিবর্তে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিফাত নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল ৩টা ৫৮ মিনিটে সার্কিট হাউজ মোড় এলাকায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য একটি পিকআপ ভ্যানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একজন পুলিশ সদস্য মোটরসাইকেলটি ধরার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়েন। এরপর পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার না করে দ্রুত পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করেন—এমন দৃশ্য ফুটেজে দেখা যায়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে শহরের শান্তিমোড় ও বিশ্বরোড এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স এবং একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন দেওয়া হয়। এতে সোনামসজিদ–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে জানান, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের চেকপোস্টে দুই যুবকের মৃত্যু, উদ্ধার না করার অভিযোগে উত্তাল শহর
By Rasel Das |
২০ ডিসেম্বর, ২০২৫ |
115 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive