বিশেষ প্রতিনিধি, ঢাকা
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এতে মানুষের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
বেলা দুইটার দিকেও সড়ক অবরোধ করে রেখেছেন মুঠোফোন ব্যবসায়ীরা।
সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড এলাকা ও বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান।
বেলা দুইটার দিকে হাসিবুর রহমান গণমাধ্যমকে বলেন, যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরুদ্ধ থাকায় খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ আছে। ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। তিনি নিজেও ডিএমপি সদর দপ্তরে একটি বৈঠকে অংশ নিতে গাড়ি নিয়ে বের হয়ে এগোতে পারছেন না।
পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’ নামে একটি সমিতির ব্যানারে যমুনা ফিউচার পার্কে কর্মরত কর্মচারী ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। এতে উত্তরা থেকে রামপুরা এবং রামপুরা থেকে উত্তরার দিকে চলাচলকারী যানবাহন থেমে আছে। আলোচনা করে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শিগগিরই যান চলাচল শুরু হতে পারে।
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১৬ ডিসেম্বর থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
ঢাকা মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধে, তীব্র যানজট-ভোগান্তি
By Rasel Das |
০২ ডিসেম্বর, ২০২৫ |
220 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive