Gmail হ্যাক করে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ডিবির হাতে গ্রেপ্তার ২
By Rasel Das |
০৫ জুন, ২০২৬ |
50 views
ADVERTISEMENT
728 x 90
সঞ্জয় দত্তঃ-
Gmail হ্যাক করে ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রের মূলহোতা মো. ইকবালও রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন দোকানে থাকা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোন হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং একপর্যায়ে বন্ধ হয়ে যায়। পরে মোবাইল চালু হলে তিনি দেখতে পান তার ব্যবহৃত বিকাশ, নগদ এবং বিভিন্ন ব্যাংকিং অ্যাপস ফোন থেকে উধাও হয়ে গেছে। এর কিছুক্ষণের মধ্যেই তার ইউসিবি ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ-নগদ নম্বরে স্থানান্তর হয়ে যায়। বিষয়টি টের পেয়ে তিনি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন তিনি একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের শিকার হয়েছেন। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির প্রধান মো. ইকবালসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ১৮টি বিকাশ নিবন্ধিত সিম, আটটি ব্যাংক চেক বই এবং তিনটি ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি প্রথমে ভুক্তভোগীদের Gmail ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ গ্রহণ করত। এরপর ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ স্থানান্তর করত। আত্মসাৎ করা অর্থ বিভিন্ন স্তরে স্থানান্তরের মাধ্যমে আড়াল করে পরে অনলাইন জুয়া, গরুর ব্যবসা এবং অন্যান্য অবৈধ কার্যক্রমে ব্যবহার করা হতো। পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। চক্রের প্রধান ইকবালের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী জেলায় একই ধরনের একাধিক মামলা রয়েছে। এছাড়া সহযোগী রুবেলের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, প্রতারকরা দেশের বিভিন্ন অঞ্চলের সহজ-সরল মানুষের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকার বিনিময়ে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও সিম সংগ্রহ করে অবৈধ লেনদেনে ব্যবহার করত। পরে বিভিন্ন স্থান থেকে অর্থ উত্তোলন করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হতো।সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকতে জেলা পুলিশ নাগরিকদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা, OTP বা ব্যাংকিং তথ্য কাউকে না দেওয়া, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ডিজিটাল প্রতারণা প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। কোনো ধরনের সাইবার অপরাধ বা অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ADVERTISEMENT
Responsive