ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারকালে আটক!
By Rasel Das |
০১ এপ্রিল, ২০২৬ |
52 views
ADVERTISEMENT
728 x 90
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে একটি ৪০ ফুট লম্বা কনটেইনার পাচারকালে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৩১ মার্চ বিকেলে বন্দর থেকে কনটেইনারটি বের করে নিয়ে যাওয়া হলেও ওই রাতেই অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়।
বন্দর সূত্র জানায়, 'ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড' নামে আসা এই চালানের শিপিং এজেন্ট ছিল কন্টিনেন্টাল ট্রেডার্স। চালানটি নিয়ে এসেছিল 'স্বদেশী চিটাগাং' নামক একটি জাহাজ (রোটেশন নম্বর-২৫/৩৮৭১)।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জেএস ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্টের নামে তৈরি করা ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, ভুয়া চালান এবং গেইট পাস ব্যবহার করে কনটেইনারটি এনসিটি (NCT) ব্যাকআপ ইয়ার্ড থেকে একটি ট্রেইলারে লোড করা হয়। এরপর কৌশলে সিপিএআর (CPAR) গেইট দিয়ে কনটেইনারটি বন্দরের বাইরে নিয়ে যায় পাচারকারীরা।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত অনুসন্ধানে নামে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দীর্ঘ তল্লাশির পর রাত সাড়ে ১১টার দিকে হালিশহরের বারনীঘাট এলাকার শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে 'বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ' নামক একটি গ্যারেজ থেকে ট্রেইলারসহ কনটেইনারটি শনাক্ত ও আটক করা হয়। তবে অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বন্দর থানায় এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ADVERTISEMENT
Responsive