নিজস্ব প্রতিবেদক | যশোর
যশোরে আবারও গুলিতে একজন যুবক নিহত হয়েছেন। জেলার মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রানা প্রতাপ বৈরাগী। তিনি যশোরের কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে। এলাকাবাসীর দাবি, রানা পেশায় বরফকল ব্যবসায়ী ছিলেন এবং চরমপন্থি দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যার দিকে রানা প্রতাপ বৈরাগী কপালিয়া বাজারে বরফকলের পাশে ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। তবে প্রাথমিক তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, এর আগেও যশোরে গুলির ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। গত শনিবার রাত আটটার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হন।
নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ মহল্লার বাসিন্দা ও মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি বিএনপির সাত নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
যশোরে থামছে না গুলির ঘটনা: এবার মণিরামপুরে যুবক হত্যা
By Rasel Das |
০৫ জানুয়ারি, ২০২৬ |
197 views
ADVERTISEMENT
728 x 90
ADVERTISEMENT
Responsive